পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪তম। এছাড়া দক্ষিণ এশিয়ার ছয় দেশ নেপাল, শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সূচকে ৪র্থ স্থানে রয়েছে দেশটি।
বিশ্বের ১৩৯টি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জরিপকারী আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড জাস্টিস প্রোজেক্টের (ডব্লিউজেপি) ২০২১ সালের সূচকে এই তথ্য জানানো হয়েছে।
ডব্লিউজেপির সূচকে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈশ্বিকভাবে শীর্ষে অবস্থান করছে ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের তিন দেশ— নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ড। অপরদিকে, সর্বনিম্নে অবস্থানকারী তিন দেশ হলো গণপ্রজাতন্ত্রী কঙ্গো, কম্বোডিয়া এবং ভেনেজুয়েলা।
দক্ষিণ এশিয়ার ছয় দেশের শীর্ষে অবস্থান করছে নেপাল। দশমিক ৫২ পয়েন্ট অর্জনকারী এই দেশটি আইনের শাসন প্রতিষ্ঠার সূচকে বৈশ্বিকভাবে রয়েছে ৭০তম অবস্থানে।
ডব্লিউজেপির সূচকে যে দেশের প্রাপ্ত স্কোর ১; বলা হয় সেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো। ২০২১ সালে বাংলাদেশের প্রাপ্ত স্কোর শূন্য দশমিক ৪০। অবশ্য আগের বছরের স্কোরের চেয়ে দশমিক ১ পয়েন্ট এগিয়েছে বাংলাদেশ। গত বছর স্কোর ছিল শূন্য দশমিক ৪১।


