আগে দিল্লি সামলা, তারপর বাংলা: বিজেপির প্রতি মমতা

আগে দিল্লি সামলা, তারপর বাংলা: বিজেপির প্রতি মমতা

পাথেয় ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৯ সালের গণভোটে বিজেপি বিদায় নেবে।

পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ‘রাইজিং বেঙ্গল’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘২০১৯ সালে গণভোট হবে, মানুষ বিজেপিকে ভোট দেবে না, অন্যান্য দলকে দেবে। মানুষ যদি একবার সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে টাকা, ভুয়ো খবর, মিথ্যা প্রতিশ্রুতিও তাদের টলাতে পারবে না।’

মমতা বিজেপি’র পশ্চিমবঙ্গ জয়ের ভাবনাকে কটাক্ষ করে বলেন, ‘আগে দিল্লি সামলা, তারপর দেখবি বাংলা।’ ২০১৯ সালে ওরা দুইশ’ আসনও পাবে না। ওরা উত্তর প্রদেশে হারবে, বিহারে হারবে, মহারাষ্ট্রে হারবে, মধ্য প্রদেশে হারবে, রাজস্থানেও হারবে। বিজেপি যতই চেষ্টা করুক, তারা জিতবে না। মানুষ চায় বিজেপি পরাজিত হোক।

শিকাগো সফরকে কেন্দ্র করে জটিলতা প্রসঙ্গে আরএসএসকে ‘জঙ্গি, সন্ত্রাসবাদী সংগঠন’ বলে অভিহিত করে মমতা বলেন, ‘আমরা জানি এসময় শিকাগোতে আরএসএস-এর একটি অনুষ্ঠান ছিল। আমি এই জঙ্গি, সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করি না। আমার সফর শেষের পর ওরা ওদের অনুষ্ঠান করতে পারত।’

অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি প্রসঙ্গে মমতা বলেন, ‘যে চল্লিশ লাখ নাম নাগরিকপঞ্জিতে বাদ পড়েছে তার মধ্যে বাইশ লাখ হিন্দু। আমাদের কী বিজেপি’র কাছ থেকে ‘হিন্দু’ হওয়ার প্রমাণপত্র নিতে হবে? এই দেশটা মানুষের শরীরের মতো, কোনো অঙ্গ বাদ গেলে সারা দেহ বাঁচতে পারবে না। এরকম বিভেদমূলক মতাদর্শে আমরা বিশ্বাস করি না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *