পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ ২৫ মার্চ। জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে রাতের আঁধারে ‘অপারেশন সার্চলাইট’ নামে ভয়ানক এক অমানবিক সামরিক অভিযান চালানো হয় বাংলাদেশের নিরীহ মানুষের ওপর। সেই রাতে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ঘুমন্ত মানুষের বুকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল পশ্চিম পাকিস্তানি সেনারা। এ দিনটি শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর জন্যই গণহত্যার রাত।
‘আলোর জন্য অভিযান’ নামে অপারেশন চালানো হলেও এই অপারেশন একটি পুরো জাতির জীবনে নামিয়ে আনে ঘোর অমানিশা। এক রাতের মধ্যে হত্যাযজ্ঞের মাধ্যমে পুরো ঢাকাকে গোরস্তানে পরিণত করা হয়। বাতাসে কান পাতলে আজও হয়তো এই শহরের বুকে সেই দানবীয় ট্যাঙ্ক, রিকয়েললেস রাইফেল আর মেশিনগানের খই ফোটানো চিৎকার যত্রতত্র শোনা যাবে।
সেই কালরাতে ছাত্রাবাস থেকে বস্তি পর্যন্ত উজার করে বিরানভূমিতে পরিণত করা হয় এই জনপদ। রাজনীতিবিদ থেকে রিকশাওয়ালাকে ঘুম থেকে জাগিয়ে গুলি করে হত্যার মাধ্যমে ভয় ছড়ানো হয় ঘরে ঘরে। বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়ে আশ্রয়হীন করে তোলা হয় পুরো জাতিকে।
একটা সময় রুখে দাঁড়াতে শিখে যায় এই বাংলার জনগণ। দীর্ঘ নয় মাসের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মুক্ত হয় বাংলাদেশ। জন্ম হয় নতুন পতাকা, নতুন মানচিত্র এবং নতুন জাতিসত্ত্বার। আজ সেই ভয়াবহ ও নৃশংসতার ৫১তম বার্ষিকী। টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারের পক্ষ থেকে ২৫ মার্চের রাতে পাকিস্তানি হানাদারদের তাণ্ডবে শহীদ হওয়া সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, ভালবাসা।


