আন নাযারাত ||  পর্ব-৭

আন নাযারাত || পর্ব-৭

 

ভূমিকা

  • আব্দুস সালাম ইবন হিশাম 

(গত পর্বের পর)

বরং আমি যদি আরও স্পষ্ট করে বলি, তাহলে বলব—মুতানাব্বি ও আবু তাম্মামের বহু কবিতার সৌন্দর্য ম্লান করে দিয়েছে ভাষার ওপর ভাষারই আধিপত্য;  মাআররির অনেক পদ্য ও গদ্য, হারিরির মাকামাত এবং ইবন দুরাইদের মাকসুরাও এর হাত থেকে রেহাই পায়নি। ভাষার প্রতি তাঁদের অতিরিক্ত মোহ, ভাষাকে সর্বত্র প্রদর্শন করার প্রবল আকাঙ্ক্ষাই তাঁদের রচনার অনেকখানি সৌন্দর্য কেড়ে নিয়েছে। তাঁরা এবং তাঁদের মতো আরও অনেকে বহু ক্ষেত্রে ভাষার বন্দি হয়ে পড়েছিলেন; ভাষার শৃঙ্খলে তাঁদের সৃজনশীল সত্তা যেন ক্রমে ক্ষীণ হয়ে এসেছিল। তাঁরা যখন রচনা করতেন, যখন লিখতেন, তখন মনে করতেন কবিতা গাঁথছেন কিংবা সাহিত্য সৃষ্টি করছেন; অথচ অজান্তেই ভাষার দাসত্বের শৃঙ্খলে নিজেদের আবদ্ধ করে ফেলছিলেন।

এ কথা যখনই আমার মনে পড়ে, তখনই আমার অন্তর এক গভীর বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। এমন এক বেদনা, যা মৃত্যু পর্যন্ত আমার হৃদয় থেকে মুছে যাবে না। বারবার মনে হয়, আরবি সাহিত্য তার বর্তমান অবস্থার চেয়েও কত উত্তম, কত সমৃদ্ধ ও মহিমান্বিত হতে পারত—যদি আল্লাহ মাআররির লুযুমিয়্যাত কাব্যকে ভাষার কঠোর নিয়ন্ত্রণ এবং ছন্দের বাধ্যবাধকতার বন্দিদশা থেকে মুক্ত থাকার সুযোগ দিতেন! আহা, ভাষার এই বন্ধন থেকে মুক্তি পেলে আরবি সাহিত্য হয়তো আরও কত দূর এগিয়ে যেতে পারত!

আজকের যুগের কবি ও লেখকদের দিকে তাকালে—যাঁরা তাঁদের লেখনীর শক্তিতে আরব সমাজের নেতৃত্ব দিচ্ছেন, সমাজের রাজনৈতিক, সামাজিক ও সাহিত্যিক জীবনের গতিপথ নির্ধারণ করছেন—তাঁদের মধ্যে এমন কাউকে দেখাই যায় না, যাঁকে আরবি ভাষার সংরক্ষক ও নির্ভরযোগ্য বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা যায়; কিংবা যাঁর কোনো বক্তব্য ব্যাকরণবিদের আপত্তি বা ভাষাবিদের সমালোচনা থেকে সম্পূর্ণ মুক্ত।

অথচ আমার দৃষ্টিতে, তাঁরাই প্রকৃত বাগ্মিতা ও সাহিত্যিক প্রকাশের জগতের অধিকতর আপনজন; ভাষার মূল গ্রন্থগুলো মুখস্থকারী, তার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো আয়ত্তকারী, সমার্থক ও সদৃশ শব্দের ভান্ডার ধারণকারী, ভাষার ব্যতিক্রমী ও দুর্বোধ্য শব্দাবলির সঙ্গে পরিচিত এবং ব্যাকরণ ও শব্দরূপতত্ত্বের সূক্ষ্ম ও জটিল বিষয়গুলো বুকে ধারণ করে রাখা ব্যক্তিদের তুলনায় তাঁরাই এই বিদ্যার অনেক বেশি ঘনিষ্ঠ।

কারণ, সেই ভাষাবিশারদদের সামনে যখন জীবনের কোনো বিষয়ে মনের কথা প্রকাশ করার প্রয়োজন দেখা দেয়, তখন তাঁরা নিজেদের প্রকাশ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন; কথার পথ যেন তাঁদের সামনে রুদ্ধ হয়ে যায়। কখনো আবার এমনভাবে কথাকে জটিল ও কৃত্রিম করে তোলেন, এমন আড়ষ্ট ও আড়ম্বরপূর্ণ ভঙ্গিতে কথা বলেন যে, শেষ পর্যন্ত মনে হয়—তাঁরা যেন কিছুই বলেননি!

সাহিত্যিক ও ভাষাবিদের মধ্যে পার্থক্য এখানেই: প্রথমজন লেখক, আর দ্বিতীয়জন সংশোধক। তাঁদের তুলনা তাঁতি ও তার সহকারীর মতো। তাঁতি কাপড় বোনেন, আর তার সহকারী কাপড়ের বাড়তি সুতা কেটে ফেলেন এবং গায়ে লেগে থাকা আঁশ পরিষ্কার করেন। অথবা তাঁদের তুলনা কবি ও ছন্দবিশারদের সঙ্গে করা যায়। কবি কবিতা রচনা করেন, আর ছন্দবিশারদ সেই কবিতাকে ছন্দের মাত্রা ও ওজনের মাপকাঠিতে যাচাই করেন।

বর্ণনাশৈলী কেবল একটি শব্দের পরিবর্তে আরেকটি শব্দ বসানো কিংবা একটি অক্ষরের স্থলে অন্য একটি অক্ষর ব্যবহার করার নাম নয়। বরং বর্ণনাশৈলী হলো শব্দের সুনিপুণ বিন্যাস, বাক্যের সুশৃঙ্খল গাঁথুনি, ভাবের সামঞ্জস্য ও ধারাবাহিকতা; তার মধ্যে থাকতে হবে প্রাণের প্রবাহ, সৌন্দর্যের দীপ্তি, উদ্দেশ্যের যথার্থতা এবং বক্তব্যের প্রতিটি অংশের সঙ্গে অন্য অংশের নিখুঁত সংযোগ। এমন বর্ণনা মানুষের হৃদয়কে স্পর্শ করবে, তাদের মনকে জয় করবে, তাদের অনুভূতির লাগাম নিজের হাতে তুলে নেবে। যার লেখায় এসব গুণের সমাবেশ ঘটেছে, তিনিই যথার্থ শক্তিমান লেখক, তিনিই মহৎ কবি।

কিন্তু কখনো যদি কারও পদস্খলন ঘটে—একটি অক্ষরের জায়গায় অন্য অক্ষর বসে যায়, কিংবা তার জিহ্বায় কোনো অনারব শব্দ এসে পড়ে, অথবা তার লেখনী থেকে কোনো অপ্রচলিত শব্দ বেরিয়ে যায়; কিংবা ভাষার কোনো নিয়ম বা ব্যবহারের কোনো রীতি তার অজানা থেকে যায়—তবে তা তার জ্ঞান কিংবা স্মৃতিশক্তির ত্রুটি হিসেবে বিবেচিত হবে; তার বর্ণনাশৈলী ও ভাষার প্রাঞ্জলতার ত্রুটি হিসেবে নয়।

কোনো বক্তার কথা যখন তার স্বভাব ও সহজাত প্রবৃত্তি থেকে স্বতঃস্ফূর্তভাবে উৎসারিত হয়, তখন তার অবস্থাও হয়ে ওঠে প্রাচীন আরবদের মতো। অথচ তাদের কথাবার্তাতেও কখনো কখনো শব্দগত ভুল আগে এসে পড়ত। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবু আলী আল-ফারিসি বলেন, তাদের স্বভাব-প্রকৃতি তাদেরকে এমন শব্দ উচ্চারণে তাড়িত করত, যা তারা বলতে উদ্যত হতো। কখনো কোনো একটি বিষয় তাদের মনকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলত যে, অজান্তেই তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ত।

একটি দেহ থেকে যদি একটি অণু বেরিয়ে যায় এবং তার স্থানে আরেকটি অণু এসে বসে, তাতে যেমন দেহের অবয়ব বদলে যায় না, তার চেহারাও পাল্টে যায় না; তেমনি কোনো একটি অপ্রচলিত শব্দের প্রবেশ কিংবা কোনো প্রচলিত শব্দের অপসারণেও কথার সামগ্রিক রূপ ও বিন্যাস নষ্ট হয়ে যায় না।

একবার এক ইংরেজ লেখককে বলা হলো, ‘দেখছি, আপনি লেখক কিপলিংয়ের প্রতি খুবই অনুরক্ত। অথচ লোকটি তো ভাষার ব্যবহারে ভুল করেন, ব্যাকরণের নিয়মকানুনেরও বিশেষ তোয়াক্কা করেন না!’

তিনি জবাব দিলেন, ‘কিপলিংয়ের লেখা একটি মাত্র পঙ্‌ক্তিও আমার কাছে ভাষার সমস্ত নিয়মকানুনের চেয়ে বেশি মূল্যবান। ইংরেজি ব্যাকরণের এই নিয়মগুলোর মুখের দিকে তাকিয়ে নিজের সাহিত্য উপভোগের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা তো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না!’

ভাষার প্রচার-প্রসার, তার ব্যাপক পরিচিতি, মানুষের মুখে মুখে তার চলন এবং কালজয়ী হয়ে ওঠার পেছনে সাহিত্যিকদের অবদান ভাষাবিদদের অবদানের চেয়ে অনেক বেশি। কারণ, তাঁরাই ভাষার চলার পথ সুগম করেন, তার বন্ধুর পথকে মসৃণ করে দেন, দুর্বোধ্য ও দুরূহ শব্দকে মানুষের কাছে সহজবোধ্য করে তোলেন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা শব্দ ও অভিব্যক্তিকে একত্র করেন। একজন দক্ষ রত্নকার যেমন সূক্ষ্ম যত্নে মুক্তোগুলোকে সুতোয় গেঁথে মালা তৈরি করেন, তাঁরাও তেমনি ভাষার বিচ্ছিন্ন মুক্তোগুলোকে সুশৃঙ্খলভাবে গেঁথে দেন। ফলে মানুষ তাঁদের কাছ থেকেই ভাষা গ্রহণ করে সবচেয়ে সংক্ষিপ্ত ও সহজ পথে, এমন পথে যা মনের কাছে প্রিয়, হৃদয়ের গভীরে গেঁথে যায়। খুব কম মানুষই ভাষার অভিধান ঘেঁটে নিজের শব্দভাণ্ডার সমৃদ্ধ করে, কিংবা নাহু-সরফের বই পড়ে ই‘রাবের দক্ষতা অর্জন করে।

ভাষা কখনো সাহিত্যের শত্রু ছিল না, সাহিত্যও কখনো ভাষার শত্রু নয়। বরং ভাষাই সাহিত্যের ভিত্তি, তার অবলম্বন, যার ওপর ভর করে সাহিত্য দাঁড়িয়ে থাকে। কিন্তু যারা ভাষা নিয়ে ব্যস্ত থাকে, তার অধ্যয়নে নিজেদের নিয়োজিত রাখে, তার নিয়মকানুন মুখস্থ করতে এবং তার সূক্ষ্মাতিসূক্ষ্ম দিকগুলো পর্যবেক্ষণ ও গভীরভাবে অনুসন্ধান করতে নিজেদের জীবন উৎসর্গ করে—তাদের মধ্যে অনেক সময় ভাষার প্রতি এমন এক মোহ ও আসক্তি জন্ম নেয়, এমনকি তারা তাতে পুরোপুরি নিমগ্ন হয়ে পড়ে; ফলে ভাষা তাদের চোখে আর কোনো মাধ্যম থাকে না, বরং নিজেই একটি চূড়ান্ত লক্ষ্যে পরিণত হয়।

অথচ বর্ণনাশৈলী অর্জনের উপায় শুধু ভাষা নয়; এর আরও অনেক উপায় রয়েছে। যে ব্যক্তি বর্ণনাশৈলীর সব উপায়কে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে না, সে কখনো এর প্রকৃত উচ্চতায় পৌঁছাতে পারে না।

জ্ঞানচর্চার মাধ্যমে গড়ে ওঠা মানসিক বিকাশও শারীরিক বিকাশের মতো। একটি শিশু যেমন খেলাধুলা, দৌড়ঝাঁপ, লাফালাফি ও ছোটাছুটির মধ্য দিয়ে বেড়ে না উঠলে তার শরীর পরিপুষ্ট হয় না, অঙ্গপ্রত্যঙ্গ সজীব ও কর্মক্ষম হয়ে ওঠে না, স্নায়ুতে শক্তির সঞ্চার ঘটে না—তেমনি একজন লেখকের জিহ্বায়ও প্রাঞ্জল ভাষা প্রকাশের ক্ষমতা বিকশিত হয় না, তার অন্তরে সেই যোগ্যতা স্থায়ী আসন গেড়ে বসতে পারে না, যদি না সে নিজের লেখায় স্বাধীনতা লাভ করে। নিজের স্বভাব ও সহজাত প্রবৃত্তি ছাড়া অন্য কোনো নিয়ন্ত্রণের অধীন না থেকে, যখন যেভাবে ইচ্ছা, বক্তব্যের নানা পথ ও ভঙ্গিতে বিচরণ করার এবং ভাব প্রকাশে বৈচিত্র্য আনার স্বাধীনতা তার থাকতে হবে।

অন্যদিকে ভাষাবিদ সর্বদা নিজেকে সতর্কতা ও ভয়ের মধ্যে আবদ্ধ রাখেন। তাঁর মনে নানা সংশয়, দুশ্চিন্তা ও দ্বিধা কাজ করে। তিনি যখন হাঁটেন, তখনও তাঁর মনে হয়, যেন তিনি কোনো নরম, আলগা বালুর ওপর দিয়ে হাঁটছেন; আর একটু নড়াচড়া করলেই যেন তাঁর পায়ের নিচে কোনো গভীর গর্ত রয়েছে। এভাবে তাঁর ভয় ও সংশয়ই একসময় তাঁকে থামিয়ে দেয়, আটকে রাখে তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ থেকে।

অথচ একজন লেখক প্রকৃত লেখকের মর্যাদায় পৌঁছাতে পারেন তখনই, যখন তিনি শব্দের দিকে সেই দৃষ্টিতে তাকান, যে দৃষ্টিতে তাকানো উচিত। অর্থাৎ শব্দকে তার স্বাভাবিক মর্যাদার সীমা অতিক্রম করতে দেন না। ভাবের সঙ্গে শব্দের সম্পর্ক হলো—শব্দ হবে ভাবের সেবক ও অনুগত, তার পোশাক ও আধারমাত্র।

তাই লেখার সময় লেখক শব্দের পেছনে পড়ে থাকবেন না; বরং শব্দকে তার নিজের মতো ছেড়ে দেবেন, তার ব্যাপারে অতিরিক্ত চিন্তা করবেন না। তিনি অপেক্ষা করবেন, যতক্ষণ না ভাব নিজেই শব্দকে সঙ্গে নিয়ে আসে, তাকে নিজের অনুগত করে, বাধ্য করে নিজের সঙ্গে চলতে। কারণ ভাবই হলো কথার মূল সত্তা, তার অন্তর্নিহিত সারবস্তু, তার প্রাণ ও ভিত্তি। সুতরাং লেখক যদি নিজের মনোযোগ ও সাধনার বড় অংশ ভাব ছাড়া অন্য কিছুর পেছনে ব্যয় করেন, তবে তিনি ভাবকেই অবহেলিত করেন; আর একবার ভাব তাঁর হাতছাড়া হয়ে গেলে, তাঁর হাত থেকে সবকিছুই হারিয়ে যায়।

চলবে

অনুবাদক – মুদির, মাদরাসাতু ইকরা

Related Articles