আরও ৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

আরও ৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৪ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪ জনে।

সোমবার (১৮ জুলাই) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (১৭ জুলাই) ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৪ জন ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২২ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন ৬৬ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জনে। তাদের মধ্যে ১৭৭ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৫৭ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৮ জুলাই) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৭৮৯ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৫৪ জন। সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৫৫২ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। করোনা মাহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *