পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল্লাহ তাআলার আজাব ও গজব আমাদেরকে ঘিরে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেছেন, আমরা আল্লাহর আজাবের মধ্যে আছি। আমরা অনুভব করতে পারছি না, ধীরে ধীরে আল্লাহর আজাব আমাদেরকে গ্রাস করে ফেলছে। আমরা পলায়ণ করার জন্য এদিক-সেদিক ছুটছি। মাস্ক পড়ে আজাব থেকে বাঁচতে চাচ্ছি। কেবল ভ্যাকসিন দিয়েই নিজেকে নিরাপদ মনে করছি। এটা কোনো ভালো সংবাদ নয়। ভাইয়ো, এ আজাব ও গজব থেকে বাঁচতে আল্লাহর দরাবরে কান্নাকাটি করতে হবে। বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, চারটি জিনিস আল্লাহর আজাব থেকে আমাদের বাঁচাতে পারে। এক, নবীগণের উপস্থিতি। দুনিয়াতে যতদিন নবী থাকবেন ততদিন আল্লাহ তাআলা আজাব দেবেন না। নবীর সম্মানে আল্লাহ তাআলা আজাবকে বিলম্ব করেন। নবীর অবর্তমানে আল্লাহ তাআলা আজাব পাঠান। ভাইয়ো, এখন আমাদের মাঝে তো নবী নাই, আমাদের উপর আজাব আসার সমূহ সম্ভাবনা আছে, যেকোনো সময় আল্লাহর আজাব আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারে। অথচ আমরা সতর্ক না হয়ে এখনও গুনাহের সাগরে নিমজ্জিত আছি।
ইস্তেগফার করার দ্বারা আজাবকে ঠেকানো যায় উল্লেখ করে তিনি বলেন, খালেসভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করার দ্বারাও আল্লাহ তাআলার আজাবকে ঠেকানো যায়। কিন্তু শুধু মুখে মুখে ইস্তেগফার করলে হবে না। অন্তর থেকে গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। আর কখনো গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা মাফ করার অর্থ হলো তাঁর আজাব থেকেও বাঁচতে পারা।
সদকা হলো আজাব থেকে বাঁচার তৃতীয় মাধ্যম জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহর আজাব থেকে বাঁচার অপর আরেকটি মাধ্যম হলো বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করা। বলা হয়, নেয়ামত বাড়ানোর উপায় হলো শুকরিয়া করা, আর সম্পদ বাড়ানোর উপায় হলো বেশি বেশি সদকা করা। সদকা করলে শুধু সম্পদই বাড়ে না, আল্লাহর আজাব-গজব থেকেও রক্ষা পাওয়া যায়। ভাইয়ো আল্লাহর রাস্তায় উদার হস্তে দান করুন। আল্লাহ তাআলাও আপনাকে উদার হস্তে দেবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে কৃপণ হোন, আল্লাহ তাআলাও আপনাকে সেভাবে দেবেন।
আল্লাহর আজাব থেকে বাঁচার চতুর্থ মাধ্যমের কথা জানাতে গিয়ে শোলাকিয়া ঈদগাহের ইমাম বলেন, আল্লাহ তাআলার আজাব থেকে বাঁচার আরেকটি মাধ্যম হলো আমানত রক্ষার প্রতি জোরদার হওয়া। আমাদের মাঝে আমানতের খেয়ানত করার মাত্রা বেড়ে গেছে। আজাব থেকে বাঁচতে আমানত রক্ষার বিকল্প নেই। এই আমলগুলো করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের উপর আজাব দেবেন না।
বিপদ আসার আগেই আমাদের তৈরী হতে হবে জানিয়ে শোলাকিয়া ঈদগাহের ইমাম বলেন, বর্তমানে কেয়ামতের অনেক ছোটো ছোটো আলামত প্রকাশ পেয়ে গেছে। আল্লাহই ভালো জানেন কেয়ামত কবে হবে। কেয়ামতের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
বড় কেয়ামত থেকে বাঁচলেও ছোটো কেয়ামত অর্থাৎ মৃত্যু থেকে তো বাঁচতে পারবো না। তাই ভাইয়ো, বিপদ আসার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক হওয়ার তাওফিক দান করুন। আমীন।
আরও পড়ুন: তাড়াইলে আল্লামা মাসঊদের ইজতেমার তারিখ পরিবর্তনঃ শুরু হচ্ছে ৪ঠা মার্চ


