পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেজ্ঞের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। এ বৈঠকে আছেন ইইউ এর নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইটনি মারিয়া গৌনারি। এছাড়াও ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিংকও সেখানে উপস্থিত আছেন৷
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত আছেন।
২৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন তারা।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের এই দুইজন নির্বাচন বিশেষজ্ঞ গত ২৭ নভেম্বর থেকে ঢাকায় আছেন। তারা নির্বাচনের আগে ও পরে বাংলাদেশে অবস্থান করবেন। ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। যদিও এরই মধ্যে ইইউ ঘোষণা করেছে, তারা বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না।
এছাড়া বিএনপি প্রতিনিধিদলে রয়েছেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
ইতোমধ্যে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ওই বিশেষজ্ঞরা সাক্ষাত করেছেন। আজ সকালে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেছেন।
এর আগে বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞদের ছোট একটি টিম কাজ করবে। তারা ৪৮ দিন বাংলাদেশে নির্বাচন ও পরিবেশ পর্যবেক্ষণ করবে। পরে তারা কিছু সুপারিশ করবে।


