পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (২৩ ফেব্রুযারি) ইমরান খানের উদ্দেশে মোদী বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে, পারলে তাদের শাস্তি দিন।
রাজস্থানের টঙ্কে একটি সভায় ভাষণ দিতে গিয়ে গত বছর ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানানোর মুহূর্তটি স্মরণ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমি তাঁকে বলেছিলাম, এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুবার যুদ্ধ হয়েছে। পাকিস্তান একবারও যুদ্ধ করে কিছু পায়নি। প্রতিবার জিতেছে ভারত।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি ওঁকে বলেছিলাম, দারিদ্র্য এবং অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করুন। উনি আমাকে জবাবে বলেছিলেন, মোদীজি, আমি পাঠানের ছেলে। আমি সত্যি কথা বলি এবং সত্যি কাজ করি’। আজ তো সময় এসে গিয়েছে যে কথাগুলো তিনি বলেছিলেন, তা রাখার। আমিও দেখব, তিনি এখন তাঁর কথাগুলো রাখতে পারেন কি না।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৪০ জনের বেশি সিআরপিএফ সেনা জঙ্গি হামলায় মারা যান। পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই ঘটনার দায় স্বীকার করার পরই ভারত আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। তবে অভিযোগ অস্বীকার করে ইমরান খান বলেন, ভারত কোনও আক্রমণ চালালে তা প্রতিহত করা হবে।


