পাথেয় রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর বিদ্যুতের জন্য গ্রাহকদের ঘুরতে হয় না। বরং সংযোগ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এক অন্যরকম ও উন্নত বাংলাদেশের চিত্র তুলে ধরতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলছে।
বুধবার (৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ১২টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এছাড়া, ছয়টি বিদ্যুৎ কেন্দ্র ও ৯টি গ্রিড উপকেন্দ্র এবং সন্দ্বীপে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশে প্রতিটি ঘরে বিদ্যুৎ নিশ্চিত করা হবে। এখন আর বিদ্যুতের জন্য গ্রাহকদের ঘুরতে হয় না। বরং সংযোগ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে। তিনি আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর। এর জন্য সুনির্ধারিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।


