পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রকোপের মুখে ফের বিধিনিষেধ জারী করা হয়েছে ভারতের বাংলাদেশ-সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে। আগামীকাল সোমবার থেকে এই বিধিনিষেধ মেনে চলতে হবে।
দীর্ঘ ছয় মাস পর এই কারফিউ জারী করলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। নির্দেশনায় বলা হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, ট্রেন বন্ধ হয়ে যাবে সন্ধ্যা সাতটার পর।
এছাড়াও আগামীকাল সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি সব অফিসে অর্ধেকের বেশি কর্মী উপস্থিত থাকতে পারবেন না। সব ধরনের প্রশাসনিক বৈঠক ভার্চ্যুয়ালি করতে হবে।
আজ রোববার রাজ্য সরকার এসব নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, কলকাতার মেট্রোরেল যত যাত্রী নিতে পারে, তার অর্ধেক নিতে পারবে। কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো যাবে না। সুইমিংপুল, সেলুন, বিউটি পারলার, ব্যায়ামাগার, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বন্ধ থাকবে।
শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদনে ৪ হাজার ৫১২ জনের করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। এ রাজ্যে ২০ জনের অমিক্রন শনাক্ত হওয়ার তথ্যও জানানো হয়েছে। এরপরেই এই কারফিউ জারীর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম বঙ্গের রাজ্য সরকার।


