করোনাকে ফাঁকি দেওয়া যায় না : কাদের

করোনাকে ফাঁকি দেওয়া যায় না : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার ব্যাপারে সতর্ক করে বলেন, সরকারকে ফাঁকি দিলেও করোনাকে ফাঁকি দেওয়া যায় না।

তিনি বলেন, করোনা দিনে দিনে আরও হিংস্র হয়ে উঠছে। সামান্য উদাসীনতায় মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে করোনা এসেছে পৃথিবীজুড়ে। কোভিডে কাবু আজ সারা পৃথিবী। কাঁপছে আমেরিকা, কাঁপছে ল্যাটিন আমেরিকা, কাঁপছে আফ্রিকা, কাঁপছে এশিয়া। ভারত কাঁপছে। কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই। জরুরি শয্যার জন্য দুনিয়াজুড়ে হাহাকার। সম্মুখ সারির যোদ্ধারা সামাল দিতে হিমশিম।

‘দেশে দেশে সংক্রমণ কেবল বাড়ছেই। বাড়ছে মৃত্যুর হার। কত আপন মানুষ এরই মধ্যে করোনার করাল গ্রাসে চিরদিনের মতো বিদায় নিয়েছে এই আলোছায়ার সুন্দর পৃথিবী থেকে। নতুন নতুন ধরনের সে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, করোনা প্রতিরোধে সারা দুনিয়ায় আজ লকডাউন চলছে। চলছে রাত্রিকালীন কারফিউ। পৃথিবীজুড়ে গরিব আরো গরিব হচ্ছে। বাড়ছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল। বাংলাদেশে লকডাউন মানতে চায় না মানুষ। মাস্ক পরতেও নিদারুণ অনাগ্রহ। স্বাস্থ্যবিধির প্রতি সাংঘাতিক অবহেলা। ভ্যাকসিনেও হার মানছে না করোনা। ভয়ঙ্কর ভাইরাসকে হারাতেই হবে। স্বাস্থ্যবিধির শাণিত হাতিয়ারই কেবল হারাতে পারে প্রাণঘাতী করোনাকে।

সবাইকে সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, ভুলে গেলে চলবে না সরকারকে ফাঁকি দিলেও করোনাকে ফাঁকি দেওয়া যায় না। সামান্য উদাসীনতায় অকাল মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে। করোনা এখন তরুণদেরও ছাড়ছে না। করোনার ভয়াল গ্রাস থেকে ধনী-দরিদ্র, বড় ছোট কারো রেহাই নেই। এখন আর কোনো রাজনীতি নয়। এখনকার রাজনীতি হচ্ছে সচেতনতার দুর্গ গড়ে তোলা। করোনাকে প্রতিরোধ করা। আসুন আমরা দল-মত শ্রেণি-পেশা নির্বিশেষে আমাদের সবারই সুরক্ষার স্বার্থে করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে অবতীর্ণ হই। জয় আমাদের হবেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *