পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনার কয়রা উপজেলায় পুকুর থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ; যাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রাম থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তারা তাদের লাশ উদ্ধার করেন। পুলিশ হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত বলতে পারেনি।
নিহতরা হলেন- ওই গ্রামের হাবিবুর রহমান (৩০), তার স্ত্রী বিউটি (২৬) ও মেয়ে হাবিবা (১১)।
পরিদর্শক শাহাদাত বলেন, ‘আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ লুকানোর চেষ্টা করা হয়।’
বাগালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী বলেন, ‘যে তিনজনকে হত্যা করা হয়েছে তারা আমার পরিচিত। হাবিবুর পেশায় দিনমজুর। মেয়ে হাবিবা সপ্তম শ্রেণির ছাত্রী। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
চেয়ারম্যানও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি।


