ছিনতাই মামলার আসামী তিন দশক পর গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের জালে ধরা পড়লো তিন দশক আগে ছিনতাইয়ের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. আসলাম (৫৩)। তিনি গত ত্রিশ বছরেও ধরা পড়েননি।
বন্দরনগরীর হাজারী গলি থেকে সোমবার রাতে মো. আসলাম (৫৩) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মো. মহসিন বলেন, বর্তমানের পেশায় স্বর্ণ ব্যবসায়ী আসলাম ১৯৮৭ সালে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় এক পথচারীর কাছ থেকে টাকা ছিনতাই করেছিলেন। ওই সময় লোকজন তাকে ধরে পুলিশে দিয়েছিল।
এক মাস কারাগারে থেকে জামিনে বের হওয়ার পর ১৯৮৯ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার তিন বছরের সাজা হয়। পরে তার আবেদনে হাই কোর্ট মামলাটি স্থগিত করলেও ২০০৩ সালে সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখে।
ওসি মহসিন বলেন, সম্প্রতি চট্টগ্রাম মহানগর আদালত থেকে আমাদের কাছে আসলামের গ্রেপ্তারি পরোয়ানা আসে। পরোয়ানামূলে রাতে হাজারী গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আসলামের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে তিনি বলেন, ১৯৮৭ সালে তারা তিন বন্ধু মিলে পলোগ্রাউন্ডের ওয়াজী উল্লাহ ইনস্টিটিউটে ভ্যারাইটি শো দেখতে গিয়েছিলেন। রাতভর শো দেখে বের হয়ে ভোরে এক পথচারীর টাকা ছিনতাই করেছিলেন।


