জলেস্থলের বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল
মাওলানা আমিনুল ইসলাম : আসুন! আমরা গোনাহের থেকে তওবা করি” সারা দেশে একটা বিপর্যয় নেমে এসেছে। নানাবিধ বিপদ আপদে আমরা পতিত হচ্ছি। কখনও বন্যা, কখনও জলোচ্ছাস, কখনও ঘুর্নিঝড়, কখনও আগুনে পুড়ে মানুষ ছাই হচ্ছে।যেনো দেখার কেউ নেই। চরম অশ্বস্তিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এর কালোগ্রাস থেকে জাতির মুক্তি প্রয়োজন। মুক্তি আসলে কোথায়?
বর্তমানে আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশী মানুষ। একটার পর একটা আগুনে পোড়ার ঘটনা ঘটছে।
কয়দিন আগে ঢাকার চক বাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে ঘটনায় প্রায় ৮০ জন মানুষ পুড়ে মারা গিয়েছিল। কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছিল তখন।
ঢাকার ঐ ঘটনা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় প্রায় সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে যাচ্ছে। ব্যাপক জান মালের ক্ষতি হচ্ছে।
সর্বশেষ গতকাল ঢাকার বনানীতে ঘটে গেল আরেক বড় অগ্নিকাণ্ডের ঘটনা। এখানেও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। কুড়িজন মানুষের প্রাণ হানি ঘটেছে। সত্তর জন মানুষ আহত। মাল সম্পদের ক্ষয় ক্ষতির তো কোন হিসাব নাই।
এভাবে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। বিভিন্ন বিপদ আপদে নিমজ্জিত হচ্ছি। সারা দেশেই একটা কঠিন অবস্হা বিরাজ করছে।
কিন্তু দুঃখজনক হলো, এত কিছুর পরেও আমরা সতর্ক হচ্ছিনা। আমরা চিন্তা করে দেখছিনা, কেন এসব ঘটছে। কেন এত বিপদ আপদ আমাদের উপরে আসছে।
আসলে মানুষের এত বিপর্যয়, এত বালা মুসিবত এগুলো সবই মানুষের কৃত কর্মের ফসল। মানুষের গোনাহের কারণে, মানুষের নাফরমানীর কারণে এরকম বিপর্যয় নেমে আসে।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, জলে স্থলের বিপর্যয় মানুষের কৃত কর্মের কারণে ছড়িয়ে পড়ে, তিনি কোন কোন কর্মের শাস্তি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। ( সুরা রোম- ৪১)
এত বিপদ আপদ আসছে আমাদের গোনাহের কারণে। তিনি( আল্লাহ) আমাদের সতর্ক করছেন, আমরা যেন তাঁর নাফরমানী ছেড়ে দেই। এক আল্লাহর দাসত্ব স্বীকার করি।
এজন্য আসুন! আমরা সতর্ক হই। নিজের গোনাহের থেকে তওবা করে মহান আল্লাহর গোলামী করি।
হে আল্লাহ! তুমি আমাদের ক্ষমা কর। আমাদের প্রতি তুমি রহম কর। সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত কর। আমিন।
লেখক : সমাজ বিশ্লেষক ও ইসলামী ফিকহ বিশেষজ্ঞ


