জাতীয় পত্রিকায় আহমদ শফীকে নিয়ে শিরোনাম
পাথেয় রিপোর্ট : দেশের প্রায় সব পত্রিকায় গুরুত্বের সঙ্গে আল্লামা আহমদ শফীর মৃত্যুর সংবাদ প্রচার করেছে। এরমধ্যে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, হেফাজতের আমীর শাহ আহমদ শফীর ইন্তেকাল। প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদ লিখেছে, হেফাজতের আমীর আহমদ শফীর মৃত্যু।
কালেরকণ্ঠে সিঙ্গেল বক্স করে ছেপেছে আল্লামা শফীর ইন্তেকাল। যুগান্তর ডিসি বক্স করে লিখেছে আল্লামা আহমদ শফীর ইন্তেকাল। দৈনিক আমার বার্তার বক্স শিরোনাম আল্লামা আহমদ শফীর ইন্তেকাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আমাদের নতুন সময় লম্বা শিরোনাম করেছে, হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফী মারা গেছেন, সমকাল শিরোনাম করেছে, আল্লামা আহমদ শফীর ইন্তেকাল, ইত্তেফাক শিরোনাম করেছে, হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর ইন্তেকাল, আজ হাটহাজারীতে জানাজার পর দাফন।
বাংলাদেশ প্রতিদিন ডিসিতে শিরোনাম করেছে আল্লামা শফী আর নেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। দৈনিক আমাদের সময় লিখেছে, হেফাজত আমির শাহ আহমদ শফী আর নেই । জনকণ্ঠ লিখেছে, হেফাজতের আমীর আহমদ শফীর ইন্তেকাল।
যায়যায়দিন তিন কলামে ছবিসহ লিখেছে, পুত্র পড়াবেন পিতার জানাযা। চলে গেলেন হেফাজত আমীর আহমদ শফী।
চট্টগ্রামের পত্রিকাগুলো আরও একধাপ এগিয়ে লিখেছে ভিন্নরঙ সাজিয়ে। দৈনিক পূর্বদেশ চার কলামে শিরোনাম করেছে, আল্লামা শফীর ইন্তেকাল। পাণ্ডিত্য আর নাস্তিক্য ইস্যুই একক নেতায় পরিণত করেছিল আল্লামা শফীকে।
দৈনিক চট্টগ্রাম মঞ্চ চার কলামে শিরোনাম দিয়ে লিখেছে, আজ হাটহাজারী মাদরাসায় জানাযা, পদত্যাগের পর চিরবিদায় নিলেন আল্লামা আহমদ শফী।
দৈনিক সাঙ্গু একমাত্র পত্রিকা যেটিতে পুরো আট কলামেই শিরোনাম করেছে আল্লামা শফীকে নিয়ে। তারা লিখেছে, আল্লামা আহমদ শফী আর নেই। ১০৪ বছরে এসে বর্ণাঢ্য জীবনের ইতি।
দৈনিক আজাদী চার কলামে গুরুত্ব দিয়ে ছেপেছে আল্লামা শফীর মৃত্যুর সংবাদ। শিরোনাম করেছে, আল্লামা শফীর ইন্তেকাল। আজ দুপুর ২টায় হাটহাজারী মাদরাসায় জানাযা।
দৈনিক পূর্বকোণে প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা শফীর ছবি দিয়ে পাঁচ কলামে শিরোনাম করেছে আল্লামা শফী আর নেই। সারা দেশে শোকের ছায়া।


