পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ১৫ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর গাজায় অবশেষে যুদ্ধবিরতি হতে চলেছে। বুধবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও হামাস গাজা যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ প্রসঙ্গে কথা বলেছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে বন্দিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। তারা শিগগিরই মুক্তি পাবেন। ধন্যবাদ।’
যদিও যুদ্ধবিরতির এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি। তবে সূত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, চুক্তিতে মোট ছয়টি ধাপ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেয়া হবে।
আলোচনার সঙ্গে যুক্ত একজন জ্যেষ্ঠ আরব কূটনীতিক টাইমস অব ইসরাইলকে বলেছেন, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর শিগগিরই একটি যৌথ বিবৃতি জারি করে চুক্তির ঘোষণা দেবে।
এরপর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানী দোহায় একটি সংবাদ সম্মেলন করবেন এবং চুক্তির বিস্তারিত তথ্য প্রদান করবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এর আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থি সশস্ত্র সংগঠন হামাস। আলজাজিরা জানিয়েছে, হামাস নিশ্চিত করেছে যে, তারা যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদন করেছে। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।


