পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জয়পুরহাটে বৃষ্টির দেখা নেই কয়েক সপ্তাহ থেকে। গত দুই একদিনে কিছুটা বৃষ্টি হলেও তা আশানুরূপ নয়। বৃষ্টি না হওয়ায় একদিকে যেমন অসহ্য গরম, অন্যদিকে আমন ধান রোপণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এজন্য মহান আল্লাহর রমহত কামনা করে জয়পুরহাটে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী ঈদগাহ মাঠে এ নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল কাদিরের আয়োজনে নামাজ ও মোনাজাতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লি অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মওলানা আবুল কালাম মোঃ শরীফুদ্দিন।
নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, এই সময়ে বৃষ্টিতে জমিসহ চারদিকে পানি থৈ থৈ করে থাকে। কিন্তু এ বছর সম্পূর্ণ বিপরীত চিত্র। আষাঢ় মাস শেষ হলেও আকাশে তেমন বৃষ্টি নেই। তাই মহান আল্লাহ দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করেছি। মহান আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।
তারা বলেন, প্রাণীকূলসহ মানবজাতির এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে নামাজ আদায় করা হয়েছে।


