পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন বলে দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে গত ১৮ সেপ্টেম্বর বিদায় নেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন প্রণয়।
ঢাকা আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণয় কুমার ভার্মা।
১৯৯৪ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন। এর আগে তিনি কূটনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, বেইজিং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে কর্মজীবনের শুরুতে প্রথমে টাটা স্টিলে কাজ করেছেন তিনি। ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় একটি স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তার।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর প্রণয় কুমার ভার্মা আনুষ্ঠানিকভাবে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।



