দুই মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার

দুই মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার

পাথেয় রিপোর্ট : মানহানির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার (১৮ জুন) দেবে আদালত।

জানা গেছে, সোমবার (১৭ জুন) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ওই দুই মামলায় খালেদার জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

আদালতে এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মওদুদ আহমদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফারুক হোসেন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্যের এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। ওই বক্তব্যের জের ধরে ২০১৪ সালের ২১ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে নালিশি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

এ ছাড়াও ২০১৬ সালের ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী আরেকটি মামলা করেন। এপরে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *