দুবাই বিমানবন্দরে ঘুরছেন ডা. মুরাদ, মিলছে না ভিসা

দুবাই বিমানবন্দরে ঘুরছেন ডা. মুরাদ, মিলছে না ভিসা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছেন। মধ্যপ্রাচ্যের এ শহরে প্রবেশের চেষ্টা করলেও আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে বসিয়ে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তিনি বিমানবন্দনের করিডোরে ঘুরে ঘুরে সময় কাটাচ্ছেন।

দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, টরন্টো থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-২৪২ ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় দুবাইয়ে এসে পৌঁছান ডা. মুরাদ। এরপর তিনি বিমানবন্দরের টার্মিনাল-৩ এ প্রবেশ করেন। তবে অন-অ্যারাইভাল অথবা পর্যটন ভিসা না থাকায় তিনি ইমিগ্রেশন পার হতে পারেননি।

সূত্র আরও জানায়, বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বসে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন মুরাদ। তার সঙ্গে কথা বললেও শনিবার দুবাইয়ে সরকারি ছুটি থাকায় ভিসার ব্যবস্থা করতে পারেননি দূতাবাসের কর্মকর্তারা। তারা মুরাদকে রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

ডা. মুরাদ হাসান দুবাই বিমানবন্দরে বসেই এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটের বিজনেস ক্লাসের একটি টিকিট কেটেছেন। ফ্লাইটটি দুবাইয়ের স্থানীয় সময় শনিবার মধ্যরাত (রোববার) ১টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়বে। সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। টিকিট কাটা থাকলেও শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসবেন কি না, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ টিকেট কাটার পরও মুরাদ বেশ কয়েকবার দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

এর আগে একাধিক সূত্রে জানা যায়, ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছলে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি।

শুক্রবার দুপুর দেড়টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

তাকে জানানো হয়, তার সেই দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তার পর তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *