দুর্বৃত্তের আগুন জার্মানির মসজিদে

দুর্বৃত্তের আগুন জার্মানির মসজিদে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম ইউরোপের দেশ জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের হ্যাগেন শহরে অবস্থিত একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (২৫ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে মসজিদটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরানো হয় বলে দাবি কর্তৃপক্ষের। তবে এ হামলায় এখনও কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার শিকার মসজিদটি স্থানীয়ভাবে ‘গ্রেট মস্ক অব হ্যাগেন’ নামে পরিচিত। জার্মানির সর্ববৃহৎ তুর্কি-মুসলিম সংগঠন ইসলামিক কমিউনিটি ন্যাশনাল ভিউ (আইজিএমজি) এই মসজিদটির সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে রয়েছে।

আইজিএমজি’র প্রেসিডেন্ট কামাল এরগুন এক বিবৃতিতে বলেন, ‘আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত ও পুঙ্খানুপুঙ্খভাবে এর তদন্ত পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। যাতে অপরাধীদের তাৎক্ষণিক চিহ্নিতকরণের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা যায়।’

মসজিদ কমিটির প্রধান ওমের ওরাল বলেন, ‘আগুন দেয়ার এ ঘটনায় ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে মসজিদের প্রবেশপথ আক্রান্ত হয়েছে।তীব্র ধোঁয়ার কারণে সব ফার্নিচার নষ্ট হয়ে গেছে।’

ওমের বলেন, ‘স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ভবনের বাইরে থাকা কয়েকটি কার্টনে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি।’

তিনি জানান, ‘পুলিশ সিসি ক্যামেরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। এতে আগুন লাগার আগ মুহূর্তে মসজিদের প্রবেশপথের কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে তার পকেট থেকে কিছু বের করতে যায়।’

এদিকে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের তাগিদ দিয়েছে বিশ্বের মুসলিম সম্প্রদায়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে উগ্র ডানপন্থী রাজনীতির উত্থান ব্যাপকভাবে বেড়েছে। যে কারণে সেখানে ইসলাম বিদ্বেষও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পুলিশের রেকর্ড থেকে জানানো হয়, গত বছর মুসলিমদের লক্ষ্য করে দেশটিতে ৮১৩টির বেশি হামলা সংঘটিত হয়েছে। চরমপন্থিদের সেই হামলায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মুসলিম নাগরিক।

ফ্রান্সের পর পশ্চিম ইউরোপের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ জার্মানিতে প্রায় ৮ কোটি ১০ লাখ লোকের বাস। যেখানে প্রায় সারে চার কোটি মুসলিমের মধ্যে অন্তত তিন কোটি হচ্ছে তুরস্ক থেকে আগত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *