পাথেয় রিপোর্ট : হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান ও মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটা দুষ্টচক্র ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিমত ব্যক্ত করছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, আল্লামা শফীর সমালোচনাকারীরা সুষ্ঠু-সুন্দর বাংলাদেশ চায় না। আমরা কওমী মাদরাসার স্বার্থ আদায়ের লক্ষে কাজ করছি। কিছু কিছু দুষ্টচক্র সবসময় ইসলাম, কওমী মাদরাসা আর গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেয়। এরা আসলে উন্নত একটি বাংলাদেশ চায় না। এরা একাত্তরেও বাংলাদেশের গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
শাইখুল ইসলাম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদনী রহ.-এর সাগরেদ ও খলিফা আল্লামা আহমদ শফীর সমালোচনাকে নিন্দনীয় উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, আল্লামা আহমদ শফী দা.বা. আমাদের মাথার তাজ। তাকে সমালোচনার পাত্র বানানো একটি বড় ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
এক আর নেক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে যেমন আমরা কওমী মাদরাসার স্বীকৃতি পেয়েছি, তেমনি আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধও থাকবো। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ ও সচেতন থাকতে হবে।
আহমদ শফীকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের ভিন্ন কোনো মতলব আছে বলে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, যখনই আল্লামা শফী স্বাধীনতা সপক্ষ শক্তির সঙ্গে বসছেন, কওমী মাদরাসার শিক্ষাসনদসহ বিভিন্ন সুবিধা আদায়ের জন্য সংগ্রাম করছেন তখনই স্বাধীনতাবিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।
১২ অক্টোবর ২০১৮ শুক্রবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
আলেমদের বিরুদ্ধে সমালোচনা করার আগে আয়নায় নিজেদের মুখ একবার দেখে নেওয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, এ দেশের আলেমগণ সবসময় ইসলামের শ্বাশত সৌন্দর্যের কথা তুলে ধরেন। কিন্তু একটা ব্যবসায়ী শ্রেণি সবসময় ইসলামের গায়ে জঙ্গিবাদের আঁচড় লাগিয়ে দিতে তৎপর থাকে। তারা এ দেশের শীর্ষ আলেমদের গায়ে কালিমা লেপনে সবসময় ব্যস্ত।
বাংলাদেশে তারা কখনোই আর হালে পানি পাবে না বলে মন্তব্য করেন তিনি।


