পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইথিওপিয়ার সেনাপ্রধান জেনারেল সিয়ার মেকননেন গুলিতে নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী আদ্দিস আবাবার অ্যামহারা অঞ্চলে এ ঘটনা ঘটে। নিজের দেহরক্ষীর গুলিতে সেনাপ্রধান নিহত হয়েছেন বলে রোববার বিবিসির খবরে বলা হয়।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ বলেন, ইথিওপিয়ার উত্তরাঞ্চল অ্যামহারায় প্রশাসনের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা প্রতিহত করার সময় তিনি (সেনাপ্রধান) ও অন্য এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া অ্যামহারায় অঞ্চলটির গভর্নর আম্বাচেও মেকোনেন তার এক উপদেষ্টাসহ নিহত হয়েছেন। সেখানে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে।
ওই হামলার ঘটনায় সেনাপ্রধানের দেহরক্ষীকে আটক করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যামহারায় জাতিগত সহিংসতার ঘটনা ঘটেছে। এই হামলা তারই অংশ বলে ধারণা করা হচ্ছে।
সেনাপ্রধান নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ টিভিতে সরাসরি সম্প্রচারে যান এবং ইথিওপিয়ানদের সংগঠিত থাকতে আহ্বান জানান। তিনি বলেন, যেসব শত্রু আমাদের দেশকে বিভক্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত থাকতে হবে।
সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেকননেন এক বছর ধরে সেনাপ্রাধন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই পদে তাঁকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে এই ঘটনার পর ইথিওপিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। আদ্দিস আবাবায় থাকা মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে তারা।


