পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপ। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু করেছে ঐক্যফ্রন্ট। ঘোষণা অনুযায়ী আজ ০৭ নভেম্বরই শেষ সংলাপে বসেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। আজকের পর নির্বাচনের আগে আর কোন সংলাপ হবে না বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সে মতেই আজ বুধবার সকাল ১১টার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের মধ্যে এ সংলাপ শুরু হয়। উভয় দলের ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে বসেছেন। সাত দফা দাবি আদায়ে মূলত এ সংলাপ বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা।
সংলাপে বসার জন্য সকাল ১০টা ২৩ মিনিটে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুরকে সঙ্গে নিয়ে প্রথমে গণবভনে প্রবেশ করেন ড. কামল হোসেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে বুধবার সকাল পৌনে ১০টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে রওয়ানা করেন তারা।
তার কিছু পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ গণভবনে প্রবেশ করেন। এরপর সংলাপের জন্য গণভবনে প্রবেশ করেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম প্রমুখ।
সকাল প্রায় সাড়ে ১০টাতেই গণভবনে প্রবেশ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সংলাপে অংশ নিচ্ছেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট আনিসুল হক, ডা. দীপু মণি, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
এর আগে ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয়।
গণভবনের সংলাপে আজ ড. কামাল হোসেন উপস্থিত হবে না বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর অবশ্য তিনি সংলাপের জন্য গণভবনে উপস্থিত হলে সকল শঙ্কা কেটে যায়।


