নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির

পাথেয় রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শাস্তি দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

‘কালিমালিপ্ত ভুয়া ভোটের সংসদের’ প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশের বিভিন্ন কারাগারে কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে তারা।

মঙ্গলবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিন দিনের কর্মসূচিতে আছে সোমবার মানববন্ধন, মঙ্গলবার অবস্থান এবং বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনশন।

রুহুল কবির রিজভী বলেন, ‘অবস্থান কর্মসূচি হবে এক ঘণ্টা। জেলাগুলো সুবিধামত সময়ে তা করবে। ঢাকার অবস্থান স্থান পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাতামাশার নির্বাচন। চরম মিথ্যাচার, অনুশোচনাহীনতা ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে নির্লজ্জভাবে ম্যানুফ্যাকচার্ড ভোটের ফলাফল ঘোষণা করে নিজেরা আত্মপ্রসাদ লাভ করলেও জনগণকে বোকা বানানো যায়নি।

তিনি বলেন, মহাভোট ডাকাতির মহাসমারোহ জনগণ দিব্যচোখে অবলোকন করেছে। ভুয়া ভোটের মিথ্যা জয়ের অহংকারে ধানের শীষের নেতাকর্মী, সমর্থকসহ গরিব মানুষের বাড়িঘর, দোকান, বাজার ভেঙে ফেলা হয়েছে এবং পুড়িয়ে দেয়া হয়েছে। তাদেরকে ঘরছাড়া করা হয়েছে। নির্বাচনের নামে এক অসুস্থ পরিবেশ ছড়িয়ে দেয়া হয়েছে রাষ্ট্র-সমাজের সর্বত্র।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন পূর্বাপর ভুয়া ভোটের সরকারের জয়োল্লাসে প্রকোপে চারদিকে শুধু হিংসার ছবি। প্রহসনের নির্বাচন করতে নির্বাচন কমিশন, আইন-আদালত, পুলিশ-প্রশাসন সবই ভুয়া ভোটের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গুলি হেলনে ওঠবস করত।

তিনি বলেন, ধূর্তামি, শঠতা ও নির্মম দমন-পীড়নের মাধ্যমে অনেক আগে থেকেই নির্বাচনী মাঠ কব্জায় নিয়ে তারা একতরফা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। সারা দেশে তারা ভয়ভীতির শিহরণ সৃষ্টি করে। ভোটের মাঠ শূন্য করতে সরকারি প্রশাসন মহাতৎপরতায় লিপ্ত ছিল। মূলত রক্তাক্ত মূর্তি নিয়েই তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটাধিকার আত্মসাৎ করে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনকে পাঁচ বছরের জেল দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *