পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত জঙ্গিবাদে জড়িত। নতুন সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কিলার গ্রুপের মেম্বার সে। জেনেশুনে ছেলেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ ও জঙ্গি কার্যক্রম পরিচালনায় অর্থসহায়তার দায়ে জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ যেমন জয়ী হয়েছে, তেমনি জঙ্গিবাদের সঙ্গে যুদ্ধ করেও বাংলাদেশ জয়ী হয়েছে। কোনো অপশক্তি আর কখনো বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে শক্ত হাতে দমন করবে বাংলাদেশ পুলিশ।”
তিনি বলেন, “১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ পুলিশ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে শান্তিপূর্ণ পরিবেশ কেউ বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।”
আদালত থেকে দুই জঙ্গির পালিয়ে যাওয়ার বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের বিষয় জানতে চাইলে তিনি বলেন, “সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা পাচ্ছি। ঘটনার সময় যেসব পুলিশ সদস্য দায়িত্বে ছিল, সেখানে যাদের গাফিলতি ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য পুলিশসহ অন্যদের করণীয় বিষয়ে রিপোর্টে বলা হবে।”
পলাতক দুই জঙ্গির গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের নজরদারিতে শুধু সেই দুজনই না, জঙ্গি ছিনতাইয়ে যারা জড়িত রয়েছে, তাদের অনেককে শনাক্ত করা হয়েছে। আশা করছি তাড়াতাড়িই আমরা তাদের গ্রেপ্তার করতে পারব।”


