নারীদের শ্লীলতাহানির ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীদের শ্লীলতাহানির ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় নারীদের শ্লীলতাহানির ভিডিও ফুটেজ হাতে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘নারীদের শ্লীলতাহানির ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রোমোটিং এডালসেন্ট নিউট্রিশন’ শিরোনামে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুধবার বাংলামোটরে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীকে হয়রানির ঘটনার ভিডিও ফুটেজ হাতে এসেছে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’
বুধবার ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগের আশপাশের বিভিন্ন এলাকায় ইভটিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগের খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রকাশিত এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো সত্য নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আবার অনেকেই বিষয়গুলো খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *