নিত্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে

নিত্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাল তেলসহ নিত্যপণ্যের দাম কমায় জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। যা গত জুন মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ১৯ শতাংশ। যা গত জুন মাসে ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ।

আজ বুধবার (৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, চালের দাম তো বাড়েইনি বরং কোনো কোনো ক্ষেত্রে কমেছে। যার ফলে সার্বিক মূল্যস্ফীতি কমেছে।

তিনি বলেন, অনেকে বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে তাদের জন্য বলতে চাই আমরা শ্রীলঙ্কা হয়নি হবো না। মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। আপনারা দেখছেন খাদ্যের জাহাজ রাশিয়া থেকে সাগরে ভাসতে ভাসতে আমাদের তীরে আসবে। তেল, চাল ও গমের দাম কমছে। সামনে মূল্যস্ফীতির কমতির ধারা অব্যাহত থাকবে। এটা আমাদের জন্য ভালো খবর। আমরা জানি মূল্যস্ফীতি বাড়লে মানুষের কষ্ট হয়। ৪২২টি পণ্যের গড় করে মূল্যস্ফীতি দেয়া হয়েছে।

তিনি বলেন, পণ্যের দাম বাড়লে কেউ কেউ খুশি। কিন্তু আমরা তা চাই না। আরেকটি বন্যা না আসলে চালসহ নিত্যপণ্যের দাম আরও কমবে।

মাছ, মাংস, ব্রয়লার মুরগি, ফল, তামাক, দুগ্ধজাতীয় পণ্য এবং অন্যান্য খাদ্য সামগ্রীর দাম কিছুটা কমেছে। ডিম, শাকসবজি ও মসলা জাতীয় পণ্যের দামও কমেছে বলে দাবি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর।

খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার বেড়ে জুলাই মাসে ৬ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, জুন মাসে যা ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ। বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থলী, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবাখাতের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *