পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার জেলা কমিটি গঠন, তালীমী হালকা উদ্বোধন ও পরিদর্শনে গৃহিত কর্মসূচী বাস্তবায়নের জন্যে দেশব্যাপি সফর করছে।
২৮ জুলাই ২০১৮ শনিবার বাংলাদেশ জমিয়তুল উলামা নোয়াখালী জেলা শাখা কর্তৃক নোয়াখালী চৌমুহনী কারাচী বাড়ী জামে মসজিদে একটি আলোচনা সভা ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আটবাড়িয়া জামে মসজিদে আরো একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই দুইটি আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও রাজধানির জামিআ ইকরা বাংলাদেশের মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি, মুফাস্সীরে কুরআন মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।
বাংলাদেশ জমিয়তুল উলামা নোয়াখালী বেগমগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আটবাড়িয়া জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসিমী নোয়াখালী জেলা শাখার কমিটি ঘোষণা করেন। নোয়াখালী জেলা শাখার কমিটিতে আহ্বায়ক নির্ধারণ করা হয় মুফতি আব্দুর রহীমকে, সদস্য সচিব নির্ধারণ করা হয় মুফতি আহমদ সিরাজীকে ও সদস্য নির্ধারণ করা হয় মুফতি মুফতি খাবিরুল ইসলাম কায়েসকে।
নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত চৌমুহনী কারাচী বাড়ী জামে মসজিদে জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের মহাসচিব মাওলানা কাসিমী বলেন, পৃথিবীর সর্বত্র এখন অশান্তি বিরাজ করছে, তার অন্যতম কারণ হলো আমরা আল্লাহ বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে গেছি। পৃথিবীতে আবার শান্তি আসবে, যদি আমরা আল্লাহ মুখী হই। বেশি বেশি করে আল্লাহর জিকির করি। আল্লাহর জিকিরে অন্তরে শান্তি আসে। দ্বীনের কাজকর্ম করতে ভালো লাগে।
মাওলানা কাসিমী বলেন, আমরা সবাই চাই একটি আলোকিত সমাজ গঠন করতে, শান্তির পরিবেশ সৃষ্টি করতে। আলেম ও জনসাধারণের পথচলা একটি সামিয়ানার নিচে নিয়ে আসতে।বাংলাদেশ জমিয়তুল উলামা এই সব লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে। জমিয়ত একটি সমাজসেবা মূলক সংগঠন। উপস্থিত সবাইকে তিনি বাংলাদেশ জমিয়তুল উলামার ছায়াতলে এসে দ্বীনের কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি, মুফাসসীরে কুরআন মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী বলেন, একজন আলেম একটি মোমবাতির মত। মোমবাতি দ্বারা সমাজের সকল শ্রেণীর মানুষ যেমন ভাবে উপকৃত হয়, ঠিক তেমনি ভাবে আলেমদের দ্বারা সকল শ্রেণীর মানুষ উপকৃত হয়। একজন হক্কানী আলেম তার জীবনকে বিলীন করে দেন দ্বীন, ইসলাম ও মুসলমানদের ঈমান রক্ষার জন্যে। আর উলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে জনসাধারণের ঈমান আক্বীদা রক্ষা করা। আমরা বাংলাদেশ জমিয়তুল উলামার ব্যানের আমাদের দায়িত্ব পালন করছি। বাতেল দলগুলো যেমন, কাদিয়ানী, জামায়াত-শিবিরের হাত থেকে উম্মতকে বাঁচিয়ে রাখার জন্য জমিয়ত কাজ করছে।

নোয়াখালী বেগমগঞ্জ থানা শাখা আয়োজিত আটবাড়িয়া জামে মসজিদে জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী পাঁচ লক্ষ টাকার ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা একটি অরাজনৈতিক, সামাজিক, ইসলামী সংগঠন। তিনি বলেন, যদি কোনও ব্যক্তি প্রমাণ করতে পারে দুনিয়াবী কোন লোভ-লালসা ও উদ্দেশ্য হাসিলের জন্যে বাংলাদেশ জমিয়তুল উলামা প্রতিষ্ঠা করা হয়েছে, তাহলে তাকে পাঁচলক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসিমী বলেন, কলব’কে আল্লাহ তাআলা বানিয়েছেন কলবে তাঁর মহব্বত, প্রেম, ভালোবাসা স্থান দেয়ার জন্যে। কিন্তু আমাদের কলব গুণাহের আধিক্যে কালচে হয়ে গেছে। তাই বেশি বেশি জিকির করে আমাদের কলবকে পবিত্র করতে হবে।
মাওলানা কাসিমী বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা বিশুদ্ধ যেহনিয়াত গঠনের মহান মিশন নিয়ে ময়দানে কাজ করছে। সবাইকে তিনি জমিয়তের ছায়াতলে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, নোয়াখালী জেলার প্রত্যেকটা থানা/উপজেলা কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটির তালিকা বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় অফিসে পাঠানোর আহ্বান জানান জমিয়তের মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসিমী।


