পাকিস্তানে ইসরাইলি বিমান! অস্বীকার করছে সরকার

পাকিস্তানে ইসরাইলি বিমান! অস্বীকার করছে সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি ইসরাইলি বিমান অবতরণের ঘটনায় সরাদেশ তোলপাড়। তেলআবিব থেকে জর্ডানের আম্মান হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিমানটি অবতরণ করেছিল। পরে বেসরকারি বাণিজ্যিক বিমানটি ইসরাইলে ফিরে গেছে। এ নিয়ে পাকিস্তানে ব্যাপক উত্তেজনা চলছে। অবশ্য তা নাকচ করেছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, ইসরাইল কিংবা ভারতের সঙ্গে সরকার কোনো গোপন আলোচনায় বসবে না।

এ নিয়ে সরকারের কাছে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি করেছে দেশটির বিরোধী দলগুলো।

ইসলামাবাদে ইসরাইলি বিমান নামার দাবিটি তোলেন ইসরাইলি সংবাদপত্র হারিৎসের ইংরেজি সংস্করণের সম্পাদক আমি শাফের। এক টুইটে আমি শাফের দাবি করেন, তেলআবিব থেকে ইসলামাবাদে যাওয়া ওই জেটটি পাকিস্তানের রাজধানীতে প্রায় ১০ ঘণ্টা অবস্থান করে। ইসলামাবাদে আসার পথে জেটটি কিছুক্ষণের জন্য জর্ডানের রাজধানী আম্মানে নেমেছিল।

ওই টুইটে শাফের জিজ্ঞেস করেন, চলতি সপ্তাহে তেলআবিব থেকে কারা পাকিস্তানে গিয়েছিল? এতে বলা হয়, লেজে এম-ইউএলটিআই লেখা বিমানটি ২৪ অক্টোবর স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে ইসলামাবাদে ল্যান্ড করে। প্রায় ১০ ঘণ্টা পর বিমানটি ইসলামাবাদ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে একই পথে আম্মান হয়ে তেলআবিবে ফিরে আসে।

গত ২০ বছরের মধ্যে প্রথম ইসরাইলি প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফর করার একদিন আগে রহস্যময় এ ট্রিপের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ডন।

ওমানে নেতানিয়াহুর সফরের বিষয়টিও গোপন রাখা হয়েছিল। পরে নেতানিয়াহু একটি বৈঠক ও আম্মানে তাকে অভ্যর্থনা জানানোর ভিডিও টুইট করার পর তার ওমান সফরের কথা প্রকাশ পায়।

এ দাবি শনিবার জোরালোভাবে অস্বীকার করেছে পাকিস্তান সরকার। ইসরাইলি কোনো বিমান পাকিস্তানের কোনো বিমানবন্দরে নামেনি বলে দাবি করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল সংস্থা।

রাষ্ট্র হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দেয়নি পাকিস্তান। তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কও নেই। জরুরি অবতরণ ছাড়া পাকিস্তানের কোনো বিমানবন্দরে ইসরাইলি বিমান নামার কথা নয় বলে জানিয়েছে ডন।

এ সম্পর্কে ফাওয়াদ চৌধুরী তার টুইটার অ্যাকাউন্টে বলেন, “আমরা ইসরাইল কিংবা নরেন্দ্র মোদির সঙ্গে গোপন আলোচনায় বসব না।” নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগের নেতা এহসান ইকবাল এ খবরের ব্যাখ্যা দাবি করে টুইটারে পোস্ট দেন। তার বক্তব্যের জবাবে পাক তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *