পাক-ভারতের বন্ধুত্বই কাশ্মির সংকটের সমাধান : ফারুক আব্দুল্লাহ

পাক-ভারতের বন্ধুত্বই কাশ্মির সংকটের সমাধান : ফারুক আব্দুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই কেবল কাশ্মির সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। তিনি বলেন, কাশ্মির সমস্যার সমাধান একমাত্র পাক-ভারত বন্ধুত্বই সমাধান করতে পারে।

৩ ডিসেম্বর সোমবার কাশ্মিরের বারামুলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারত নিয়ন্ত্রত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ এ অভিমত প্রকাশ করেন।

জম্মু-কাশ্মিরের ন্যাশনাল কনফারেন্স দলের এই নেতা বলেন, তার দল সব সময় ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। কাশ্মিরের জনগণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের যে দাবি জানাচ্ছে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান ফারুক আব্দুল্লাহ।

কাশ্মির বিষয়ক নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ওই অঞ্চলের ভবিষ্যত নির্ধারণের জন্য সেখানে গণভোট দিতে বলা হয়েছে যদিও ভারত সরকার কখনোই এ প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি। ফারুক আব্দুল্লাহ বলেন, কাশ্মিরের জনগণের এই দাবি উপেক্ষা করা ভারত সরকারের উচিত নয়।

জম্মু-কাশ্মিরে কয়েক লাখ সেনা মোতায়েন করে রেখেছে ভারত। গত তিন দশকে সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। কাশ্মিরের একাংশ ভারত এবং একাংশ পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। দু’টি দেশই গোটা কাশ্মিরের মালিকানা দাবি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *