পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনীদের উপর ইসরাইলের আক্রমণ ও হামাসের পাল্টা আক্রমণে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বিশেষ দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
অন্যদিকে পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ‘ইসরায়েলের নিজেকে রক্ষার বৈধ অধিকারের’ প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
শেখ জাররা থেকে ফিলিস্তিনীদের উচ্ছেদ ও আল আকসায় মুসুল্লীদের উপর ইসরায়েলের আক্রমণের কারণে সোমবার থেকে শুরু হওয়া তুমুল সংঘর্ষে এরই মধ্যে দুইপক্ষের ৭০ এর বেশি মানুষ মারা গিয়েছে। এদের মাঝে বেশিরভাগই ফিলিস্তিনের বেসামরিক নাগরিক।
গতকাল বুধবারও ইসরায়েল হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে এবং গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় হামাস ইসরায়েলের দিকে বৃষ্টির মত রকেট ছুড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


