পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও ভারতের পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজ্যের কেবিনেট মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
গত শনিবার (২৮ আগস্ট) কলকাতার মাদানী ভবনে জমিয়তে উলামায়ে হিন্দের সাংগঠনিক নির্বাচনী সভায় মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরিকে সভাপতি ঘোষণা করে সংগঠনটির পশ্চিম বঙ্গের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়।
সভায় জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি শাইখুল ইসলাম মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর দৌহিত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সাংগঠনিক নির্বাচনি সভায় বিনা প্রতিদ্বন্ধিতায় রাজ্যের কেবিনেট মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকেই পুনরায় পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হিসেবে বহাল রাখা হয়। এছাড়া নতুন কমিটির সহ সভাপতি পদে যথাক্রমে আব্দুল সালাম রহিম, মাওলানা আব্দুল বারি, কারি ফজলুর রাহমান, অধ্যাপক মনজুর আলম, মাওলানা আরশাদ আলি খানকে নির্বাচিত করা হয়। এদিকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন জিল্লুর রাহমান আরিফ।
সভায় নিজের বক্তব্যে সবাইকে জমিয়তে উলামায়ে হিন্দের প্লাটফর্মে এসে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সংগঠনটির সর্বভারতীয় সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ একটি সামাজিক সংগঠন। এ সংগঠন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আসুন, আমরা একসাথে, একযোগে দেশ ও জাতির কল্যাণে কাজ করি।
সারা বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে জমিয়তে উলামায়ে হিন্দের সাংগঠনিক নির্বাচনী সভার সমাপ্তি হয়।


