বনানীতে চিরনিদ্রায় শায়িত জায়ান

বনানীতে চিরনিদ্রায় শায়িত জায়ান

পাথেয় রিপোর্ট : শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর(৮) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ির মাঠে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম জানাজা পড়ান। জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, শেখ ফজলে নূর তাপস, আকবর খান পাঠান ওরফে ফারুক, মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. এনামুর রহমান, মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

এর আগে পৌনে ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছোট্ট জায়ানের মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর তা শেখ সেলিমের বনানীর ২/এ’র ৯ নম্বর বাসায় নেওয়া হয়।

জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই শেখ সেলিম। তাই পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়ে যেত জায়ানকে।

শ্রীলঙ্কায় গত (২১ এপ্রিল) রোববার ইস্টার সানডে উদযাপনের সময় গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। এ ঘটনায় জায়ান চৌধুরী নিহত এবং তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *