পাথেয় রিপোর্ট : রাজধানীর বনানীর বহুতল এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত একজন বিদেশি নাগরিকসহ ৭ জন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। বিদেশি একজন শ্রীলঙ্কার নাগরিক।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী। নিহত ব্যক্তিরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমেনা মারা গেছেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।
এদিকে বনানীর এফআর টাওয়ারের আগুন লাগার ঘটনার পর ওই ভবনে নানা কাজে থাকা ব্যক্তিদের স্বজনেরা ভিড় জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনেকেই ভিড় জমিয়েছেন। ওই ভবনে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়েই মেডিকেলে এসেছেন তাঁরা। এমন একজন তারিকুন্নাহার। তাঁর ভাই আনজীর সিদ্দিক ভবনের ১৮ তলায় একটি অফিসের কর্মকর্তা। তারিকুন্নাহারের স্বামী দেলোয়ার হোসেন বলেন, বেলা একটার দিকে আনজীরের সঙ্গে শেষবার কথা হয়। এরপর থেকে আনজীরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) ১টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ২২ তলা ভবন এফআর টাওয়ারে আগুন লাগে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ভবনের সপ্তম বা অষ্টম তলায় আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে নবম তলাতেও। আগুন লাগার পর ভবনের কাচের দেয়াল ভেঙে দেয়াল বেয়ে অনেকেই নামতে থাকেন। তখন পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন।


