পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাবার বাগানে বন্যহাতির আক্রমণে বান্দরবানের লামা উপজেলায় হাজেরা বেগম (৪৬) নামে এক রাবার শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার গরুরলোড়াপাড়ার বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম মো. নুরুল আলম।
বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মোস্তফা নামে এক স্থানীয় বাসিন্দার রাবার বাগানে প্রতিদিনের মতো কাজে যাচ্ছিলেন হাজেরা। কিছুদূর যাওয়ার পর সকাল ৭টার দিকে একটি বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা হাজেরাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্য হাতির একটি দল ফারুক নামে স্থানীয় এক বাসিন্দা খামার বাড়ি ভাঙচুর করে। আমির আলী নামে এক কৃষকের জমির ফসলও নষ্ট করেছে হাতির পালটি।
আরো পড়ুন : বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা নারীর মৃত্যু
আজিজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় স্থানীয়রা আতঙ্কে আছেন। যেকোনো মুহূর্তে তাণ্ডব চালিয়ে যায় ও মালের ক্ষতিসাধন করতে পারে।’
এদিকে হাজেরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার জানান, তার (হাজেরা) পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।
/এএ


