পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টে বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালন এদেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে তারা। বিএনপিই এদেশে হত্যা-সন্ত্রাসের জনক। দেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি।
আজ রবিবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? তিনি আরও বলেন, ৭৫’এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড।


