পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে দেশের বাজারে প্রতিভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকায়। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের দামই বহাল রয়েছে।
রবিবার (২২ আগস্ট) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আজ থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায়, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও বিভিন্ন দাপ্তরিক জটিলতার কারণে গোল্ড ডিলাররা স্বর্ণবার আমদানি করতে পারছেন না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ২২ আগস্ট থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট মানের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকা।
রুপা আগের নির্ধারিত দামে রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।


