পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ রবিবার (২২ অগাস্ট) থেকে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী বিমান পরিসেবা পুনরায় শুরু হওয়ার কথা ছিলো। তবে আপাতত ভারত-বাংলাদেশের কোনো ফ্লাইট চালু হচ্ছে না। কবে থেকে আবার চালু হবে সেই ব্যাপারেও নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
প্রায় চার মাস ধরে প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ আছে। ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই রুটে বিমান চলাচল পুনরায় চালু করার কথা থাকলেও তা আপাতত আরও কিছুদিনের জন্য স্থগিত থাকছে ৷ জানা গেছে, বিমান চালুর ব্যাপারে এখনও ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি।
এদিকে বিমান বাংলাদেশের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি বিমানসংস্থাও দু’দেশের মধ্যে বিমান চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল ৷ তা আপাতত হচ্ছে না ৷ এর ফলে দু’দেশের মধ্যে বিমান চলাচলে আরও বেশ কয়েকদিন এখন অপেক্ষা করতে হবে ৷


