বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ছোট ভাই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া বারো কোয়ার্টার এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দীন একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তার বড় ভাইয়ের নাম কামরুল ইসলাম। পুলিশের দাবি, ঘরভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় লোকজনের দাবি, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক জায়গা নিয়ে বিরোধ ছিল। এছাড়া দুই ভাইয়ের মধ্যে নিহত নিজাম আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক ও বড় ভাই কামরুল বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মেদের সমর্থক।

এটি কোন নির্বাচনী সহিংসতায় খুন নয় দাবি করে পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, ‘ঘরভাড়ার টাকা নিয়ে বড় ভাই কামরুলের সঙ্গে ছোট ভাই নিজামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজামকে ছুরিকাঘাত করেন কামরুল। ছুরিকাঘাতে নিজাম ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিহত নিজাম উদ্দিনের মা জিন্নাত আরা বেগম বলেন, ‘দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল। আমার ছেলের খুনের জন্য আমার আরেক ছেলে কামরুল ইসলাম দায়ী। আমি তার ফাঁসি চাই। ও পরিকল্পিতভাবে খুন করেছে। আমার বড় নাতি ইমন সব দেখেছে। নিজাম ভাইয়ের পা ধরে বলছিল মাফ করে দাও, কিন্তু সে মাফ করেনি। খুন করে ফেলেছে। এখন আমার মাসুম দুই নাতির কি হবে!’

নিজামের স্ত্রী নাসরিন আকতার সুমি বাক প্রতিবন্ধী। তার আড়াই বছর বয়সী এক মেয়ে বিবি মরিয়ম ও ৮ মাস বয়সী ছেলে ইব্রাহিম নামে দুই সন্তান রয়েছে। নিহত নিজামের বোন বিবি জোহরা মুক্তা ভাইয়ের শোকে আহাজারি করে কাঁদছিলেন। তিনি বলেন, ‘আমার ভাতিজা, ভাতিজির কী হবে।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *