পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখের বেশি মানুষ নতুন করে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বে এই প্রথম কোনও দেশে একদিনে ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হলেন। অপরদিকে মারা গেছে ২ হাজারের বেশি মানুষ। খবর এনডিটিভির।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৮৩৫, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এমনকি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডও ভেঙে দিয়েছে ভারত।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে ২ হাজার ১০৪ জন। অর্থাৎ একদিন আগের তুলনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন।
ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং দিল্লি। মোট সংক্রমণের বেশিরভাগই এসব রাজ্যে।
এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।


