পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুক্রবার (১৯ জুলাই) সংসদে জিরো আওয়ারে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের ৮ হাজার মাদরাসাকে জঙ্গি প্রশিক্ষণের কেন্দ্র বলে যে মন্তব্য করেছিলেন, তার তীব্র প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।
শনিবার (২০ জুলাই) ভারতীয় গণমাধ্যমে বিবৃতি দিয়ে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন, ‘লকেট চট্টোপাধ্যায়’ পাগল হয়ে গেছেন। আমি লকেট চট্টোপাধ্যায়কে নতুন করে পড়াশোনা করার পরামর্শ দিচ্ছি।
জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি বলেন, লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবাংলায় সন্ত্রাসের আবহ তৈরি করার জন্য এই সব কথাবার্তা বলছেন। তাঁর এসব কথা বলার অধিকার নেই। তিনি ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়ে যেভাবে সাম্প্রদায়িক বক্তব্য দিলেন তা অত্যন্ত ঘৃণ্য। তাকে আগে বলবো সংবিধান পড়ুন। সংবিধানকে আরও বেশি করে জানুন।
লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাদরাসাগুলো পরিদর্শন করার পরামর্শ দিয়ে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন, আপনি বাংলার সমস্ত মাদরাসাগুলো পরিদর্শন করুন। আপনাকে কিছু করতে হবে না, আমরাই প্রত্যেক মাদরাসা ঘুরিয়ে দেখাবো।
তিনি বলেন, ইসলাম সব সময় শান্তির কথা বলে। রাজ্য রাবেতা পরিচালিত এবং অন্যান্য মাদরাসাগুলোতে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হয়। এই সমস্ত ছাত্রছাত্রীদের দেশপ্রেম সম্পর্কে জ্ঞাত করা হয়। প্রত্যেক মাদরাসায় যেমন স্বাধীনতা দিবস উদযাপন হয়, তেমনিভাবে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং বিভিন্ন মনীষীদের জন্ম এবং মৃত্যুদিন পালিত হয়।
মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন, লকেট চট্টোপাধ্যায় বাংলার ইতিহাস, সংস্কৃতি মাত্র কয়েকদিনেই ভুলে গিয়েছেন। তাই তাঁকে বলবো, বাংলার সংস্কৃতি নিয়ে নতুন ভাবে চর্চা শুরু করুন। আর সংসদে কথা বলার আগে একবার ভেবে বলুন।
এরআগে ১৬ জুলাই মঙ্গলবার মাদরাসায় আগুন লাগানো গণতন্ত্র ও ভারতবিরোধী বলে মন্তব্য করে তিনি বলেন, ভারতের উত্তর প্রদেশের একটি মাদরাসায় গরুর গোশত থাকার সন্দেহে পাথর নিক্ষেপ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে উগ্রপন্থিরা। ভাঙচুরের পর মাদরাসাটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এই কাজ অত্যন্ত অন্যায়, গণতন্ত্র বিরোধী ও ভারতবিরোধী। এসব তারা (হিন্দুত্ববাদীরা) করবে। কিন্তু এসব করেও তারা টিকতে পারছে না। ধর্মনিরপেক্ষ শক্তির জয় আছে। এটা অধর্মের কাজ। ধর্মনিরপেক্ষতার কাজ নয়।
এরআগে বৃহস্পতিবার (৪ জুলাই) পশ্চিমবঙ্গের রাজভবনে রাবেতায়ে মাদারিসে ইসলামিয়ার সংবাদিক সম্মেলনে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরি বলেছেন, মাদরাসাগুলো ভারতের স্বাধীনতা ও দেশীয় ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মাদরাসাগুলো ভূমিকা ছিল। দেশপ্রেম সহিংসতা রক্ষার কথা মাদরাসাগুলোতে এখনও বলা হয়। তবে বর্তমানে ভারতে বিভিন্নভাবে মাদরাসাগুলোকে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র : জমিয়তে উলামা হিন্দ পশ্চিমবঙ্গ রাজ্য
পা.টো.ড/আদিল


