পাথেয় রিপোর্ট : লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন আরাফাত (৮) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রোববার (২৮ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের হামিদ মিয়াজী দাখিল মাদরাসার সামনে পিকআপভ্যানের চাপায় ওই ছাত্র নিহত হয়।
এদিকে অবরোধের সময় ওই রুটে সকল যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আরাফাত স্থানীয় মো. বাবুলের ছেলে ও ওই মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদরাসায় প্রবেশের পথে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপভ্যান ইয়াসিন আরাফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ মাদরাসা শিক্ষার্থী ও এলাকাবাসী পিকআপ ভ্যানটি ভাঙচুর করে। পরে সড়কে গাছের গুড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই ইয়াকুব বলেন, ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


