মানবরচিত আইনে দিন দিন অশান্তির দাবানল জ্বলছে : চরমোনাই পীর
পাথেয় রিপোর্ট : দেশে মানবরচিত আইনে দিন দিন অশান্তির দাবানল জ্বলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, প্রচলিত মানবরচিত আইনে দিন দিন অশান্তির দাবানল জ্বলছে। বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী হত্যা, শিক্ষক দ্বারা ছাত্রী ধর্ষণ, নারী অপহরণ-নির্যাতন এসবই মানবরচিত আইনের কুফল। তিনি বলেন, দেশে আইনের শাসন না থাকায় মানুষ বেপরোয়া ও হিংস্র হয়ে উঠছে।
চরমোনাই পীর বলেন, বিশ্বব্যাপী যে অশান্তির আগুন জ্বলছে তা থেকে মুক্তি পেতে হলে আল্লাহর আইনের বিকল্প নেই। মানুষের জ্ঞান সসীম, পক্ষান্তরে আল্লাহর জ্ঞান অসীম। মানুষের দ্বারা রচিত আইনে মানুষের কল্যাণ ও শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। কাজেই অসীম জ্ঞানের অধিকারী রব্বুল আলামিনের আইন প্রবর্তণ ছাড়া জাতির কল্যাণ সম্ভব নয়। তিনি বলেন, মানুষ যেভাবে বর্বর ও হিংস্র হয়ে উঠছে তাতে আইয়্যামে জাহেলিয়াতকেও ছাড়িয়ে গেছে।
শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং এডভোকেট লুৎফুর রহমান সেখের সঞ্চালনায় অনুষ্ঠি সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। সুপ্রিমকোর্ট ও জজকোটের বিশিষ্ট আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
সাধারণ সভাশেষে এডভোকেট শেখ আতিয়ার রহমানকে সভাপতি, এডভোকটে আব্দুল বাসেতকে সিনিয়র সহ-সভাপতি, এডভোকেট আব্দুল মতিনকে সহ-সভাপতি, এডভোকেট শওকত আলী হাওলাদারকে সেক্রেটারী জেনারেল ও এডভোকেট আবু হানিফকে সাংগঠনিক সম্পাদক করে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি পুর্নগঠন করা হয়।
পীর চরমোনাই বলেন, আইনজীবীগণ হলেন সমাজের সম্মানিত ব্যক্তি। আইনজীবীগণ সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে থাকেন। তারা যদি প্রচলিত আইনের কুফল ও ইসলামী আইনের সুফল তুলে ধরেন, তাহলে সহজেই মানুষ বুঝতে পারবে এবং সাধারণ মানুষ ইসলামী আইনের প্রতি ঝুঁকে পড়বে।


