পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গণতন্ত্রকামীদের বিক্ষোভে গুলি ও বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এবার জান্তা সরকারের নিরাপত্তা বাহিনী স্বাস্থ্যকর্মীদের ওপরও গুলি চালিয়েছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন।
দেশটির মিজিমা নিউজ এজেন্সি বলেছে, সামরিক অভ্যুত্থানবিরোধী কিছু স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করতে মান্দালয়ে জড়ো হন ভোরে। কিন্তু সৈন্যরা গুলি করে দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেন। পরে এখান থেকে কয়েকজনকে আটকও করা হয়। তবে এ ঘটনায় হতাহত ও আটকের বিস্তারিত জানা যায়নি।
এর আগে, বুধবার (১৪ এপ্রিল) মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে দেশটির সরকারি দপ্তরের সামনের সড়কে লাল রং ছড়িয়েছে বিক্ষোভকারীরা।
মিয়ানমারে এখন নববর্ষ চলছে। বার্মিজ নববর্ষ থিনগিয়াং। গত মঙ্গলবার (১৩ এপ্রিল) ছিল থিনগিয়াংয়ের প্রথম দিন। এমনিতে থিনগিয়াং মিয়ানমারের সবচেয়ে বড় উৎসব হিসেবে স্বীকৃত হলেও সামরিক অভ্যুত্থান, সু চি সহ দেশের গণতন্ত্রপন্থি নেতা-কর্মীদের কারাবন্দি করা ও সাত শতাধিক নিহতের জেরে চলতি বছর থিনগিয়াং উদযাপন করছে না মিয়ানমারের জনগণ।


