মুজিববর্ষে সড়কের পাশের বাড়ি-স্থাপনায় রঙ করতে গণবিজ্ঞপ্তি

মুজিববর্ষে সড়কের পাশের বাড়ি-স্থাপনায় রঙ করতে গণবিজ্ঞপ্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন সড়কের পাশের বাড়ি, স্থাপনার গেট ও বাউন্ডারি ওয়াল সংস্কার ও রঙকরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বসবাসকারী সম্মানিত নগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উদযাপন করা হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং গণ্যমান্য-বরেণ্য ব্যক্তিবর্গ দেশে আগমন ও ঢাকায় অবস্থান করবেন। মুজিববর্ষ উপলক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ তথা ঢাকা মহানগরীর ইতিহাস ও ঐতিহ্য দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক বিভিন্ন অনুষ্ঠান-কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শহরকে দৃষ্টিনন্দন করতে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ দৃষ্টিনন্দন করে সজ্জিত ও আলোকসজ্জা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সড়কসমূহের পাশে অবস্থিত বাড়ি-স্থাপনা, গেট ও বাউন্ডারি ওয়াল প্রয়োজনীয় সংস্কার ও রঙ করা প্রয়োজন। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তার জন্মশতবার্ষিকী উদযাপন কার্যক্রমে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের সকলেরই নাগরিক দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ কার্যক্রমে আপনার সক্রিয় সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করে।

এ বিষয়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৩য় তফসিলের ১.২ (গ) ধারায় ‘ইমারতের চুনকাম করতে এবং নোটিশে উল্লেখিতরূপে ইহার অপরিহার্য মেরামতের ব্যবস্থা করতে উহার মালিক বা দখলদারকে করপোরেশন নির্দেশ দিতে পারবে মর্মে বিধান রয়েছে। বর্ণিত অবস্থায়, দেশের একজন সম্মানিত নাগরিক হিসেবে সামাজিক দায়বোধ ও দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য হিসেবে আগামী ১৪ মার্চ, ২০২০ তারিখের মধ্যে আপনার বাড়ি-স্থাপনার গেট ও বাউন্ডারি ওয়াল সংস্কার ও রঙ করার কাজ সম্পন্ন করে জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান যথাযথভাবে উদযাপনে সহযোগিতা করার অনুরোধ করা হলো।’

মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় বিভিন্ন গণমাধ্যমে এমন গণবিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি বিভিন্ন বাড়ি-স্থাপনা মালিকদের এ বিষয়ক চিঠিও দিয়েছে ডিএসসিসি। এতে বাড়ি, স্থাপনার মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটা জোর করে চাপিয়ে দেয়া, আবার কেউ বলছেন রঙ করে শহরের সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।

নাম প্রকাশ না করার শর্তে রাজধানীর মালিবাগ এলাকার রাস্তা সংলগ্ন এক বাড়ির মালিক বলেন, সড়কের পাশে বাড়ি রঙ করানোর জন্য সিটি কর্পোরেশন নির্দেশনা দিয়েছে। অনেকে তো আগে রঙ করেছে সেক্ষেত্রেও যদি পুনরায় রঙ করা বাধ্যতামূলক হয় তাহলে এটা জোর করে চাপিয়ে দেয়া হবে। এমনও তো হতে পারে আমার বাড়ির রঙ ঠিকই আছে, তাহলে কেন আমাকে এত টাকা খরচ করে আবার রঙ করাতে হবে।

pab

তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে অতিথিরা আসবেন। তাই সড়কের পাশে থাকা নিজের বাড়ি, নিজের শহর সাজানোর দায়িত্বও তো কিছুটা আমাদের আছে। সেই হিসেবে সিটি করপোরেশন এমন গণবিজ্ঞপ্তি-চিঠি দিতেই পারে।

এ বিষয়ে ডিএসসিসির সচিব মোস্তফা কামাল মজুমদার বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে ইমারতের চুনকাম (রঙ) করতে এবং নোটিশে উল্লেখিতরূপে ইহার অপরিহার্য মেরামতের ব্যবস্থা করতে মালিক বা দখলদারকে করপোরেশন নির্দেশ দিতে পারবে এমন বিধান রয়েছে। নগরের সৌন্দর্যের জন্য এটা একটা নিয়মিত কাজ। স্থানীয় সরকার আইনে এ ব্যাপারে বিধান আছে।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন সড়কের পাশে বিদ্যমান বাড়ি, স্থাপনার গেট ও বাউন্ডারি ওয়াল সংস্কার ও রঙকরণ বিষয়ে চিঠি-গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসসিসি। যেন প্রধান সড়কের পাশে যেসব বাড়ি বা ভবন রয়েছে, উনারা যেন প্রয়োজনীয় সংস্কার ও রঙ করে নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *