পাথেয় রিপোর্ট : যারাই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে যদি জনগণ আমাদের ভোট দেয় তাহলে ক্ষমতায় আসব, আর যদি না দেয় তবে আমার কোনো আফসোস নেই। আমার খুব একটা আফসোস নেই। কারণ, বাংলাদেশের উন্নয়নের ধারাটা যে আমরা শুরু করেছি সেটা যাতে অব্যাহত থাকে সেটা আপনারা দেখবেন।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ২৪টি দলের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপ শুরু হওয়ার অাগে ব্যারিস্টার নাজমুল হুদা প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেন। এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অাগামী নির্বাচনে জনগণ ভোট দিলে পুনরায় সরকার গঠন, না দিলেও আফসোস নেই। নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। তিনি বলেন, এর অাগে নির্বাচনী ইশতেহারে দিন বদলের সনদ দিয়েছিলাম। অামরা সে সনদ বাস্তবায়ন করেছি।
কোনো সংঘাত ছাড়াই প্রতিবেশী দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সমুদ্র বিজয় এবং ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদার পথে হাঁটছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।
যে ২৪টি দল সংলাপে অংশ নিয়েছে সেগুলো হলো- জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ), বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি (বিএসডিপি), বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ), যুক্তফ্রন্ট, গণফ্রন্ট ও প্রগতিশীল জোট, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ সত্যব্রত আন্দোলন, ঐক্য ন্যাপ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য জোট, তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে আগামী নির্বাচন নিয়ে দ্বিতীয় দফা সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন জাতীয় একাদশ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভাবে অনুষ্ঠিত হবে।


