পাথেয় রিপোর্ট : বিএনপি ও ঐক্যফ্রন্টের লেজেগোবরে অবস্থা বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙনের সুর শোনা যাচ্ছে। তিনি বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের লেজেগোবরে অবস্থা। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ঐক্যফ্রন্ট।
৩০ জানুয়ারির নির্বাচনে মহাজোটের মহাবিজয় উদযাপনে আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথসহ দলের অন্যান্য নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় বলেন, আমার মাঝে মাঝে ভয় হয়…, বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ; রাজনীতিতেও বেপরোয়া চালক দুর্ঘটনার কারণ ঘটাতে পারে। ফখরুল সাহেবের সাম্প্রতিক আচার-আচরণ থেকে তাকে এতই ভয়ঙ্কর-বেপরোয়া বলে মনে হচ্ছে।
বিএনপি নেতাদের নিয়েও একই ভয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের কথাবার্তায়ও একই সুর। তবে আমরা বিষয়টিকে ধৈর্যের সঙ্গে দেখছি, আমরা সহিষ্ণুতা প্রদর্শন করছি।তাদের ভেতর হেরে যাওয়ার বেদনা আছে, কষ্ট আছে, সেই কষ্ট-যন্ত্রণা থেকে তারা বেপরোয়া হতে পারে। কিন্তু আমরা দেশ চালাচ্ছি আমাদের একটা দায়িত্বও আছে। এই বিশাল বিজয়ের সঙ্গে বিশাল একটা দায়িত্বও আছে। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের নেত্রী আগামী শনিবার জনগণের উদ্দেশে, জাতির উদ্দেশে, নেতাকর্মীদের উদ্দেশে দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেবেন।
১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে, এমন আশা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে যেমন গণজোয়ার, ঠিক সেদিনও ১৯ জানুয়ারি একটি বড় জোয়ার এ নগরীতে দেখতে পাব।
এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথসহ দলের অন্যান্য নেতা।
প্রসঙ্গত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ জোট ২৮৮ আসনে জয় পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ একাই ২৫৯ আসনে জয় পেয়েছে। এ বিজয়কে বরণ করতে ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।


