আদালত প্রতিবেদক ● রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। আবেদনে আসামি পক্ষ বলেন, মামলার বিচার শুরুর আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। কিন্তু এখনো মামলার নকল কপি পাননি। যে কারণে তারা আবেদনও করতে পারেননি। এজন্য তারা সময় চান।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এ তাদের হাজির করা হয়। এ সময় মামলার বাদী উপস্থিত ছিলেন। পরে তারিখ পরিবর্তন হলে বাদী চলে যান। এর আগে গত ১৩ জুলাই আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমের বিরুদ্ধে ধর্ষণের অপরাধে অভিযোগ গঠন করা হয়। এছাড়া সাফাতের আরেক বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অপরাধে অভিযোগ গঠন করা হয়।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক শফিউল আজম অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। এর আগে গত ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এ্যানি।
জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় ওই পাঁচজনকে অসামি করে মামলা করেন ধর্ষণের শিকার এক ছাত্রী। গত ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত বনানীর হোটেল রেইনট্রিতে তাদের আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।


