শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক আর নেই

শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক আর নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফজলুল হক মন্টু ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে পাবনা অঞ্চলে সম্মুখ যোদ্ধা ছিলেন। তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতিও ছিলেন।

শ্রমিক লীগ সভাপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শ্রম প্রতিমন্ত্রী তার শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অগ্রভাগের সৈনিক ফজলুল হক মন্টু তার কর্ম ও আদর্শের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ফজলুল হক মন্টুর মৃত্যুতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়।

দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন ফজলুল হক মন্টু। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনসহ সকল কমিটির শ্রমিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে জানাযা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *